রাতের ঢাকায় এলোপাতাড়ি গুলিতে খুন হয়েছেন দুজন
- আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
রাতের ঢাকায় এলোপাতাড়ি গুলিতে খুন হয়েছেন দুজন। তাঁদের একজন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু। অন্যজন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা গাড়ি চালকও।
গতরাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে ছিল জাহিদুলকে বহন করা মাইক্রাবাসটি। হঠাৎ সড়কের উল্টো দিক থেকে হেলমেট পরা দুই দুর্বৃত্ত জাহিদুলের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে মাইক্রোবাসের কাঁচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে। ঘটনার আকস্মিকতায় সড়কে থাকা লোকজন এদিক–ওদিক ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা সড়ক বিভাজকের ফাঁক দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা, মাইক্রোবাসের কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পুলিশ জানায়, জাহিদুল ইসলাম যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলার অভিযুক্ত আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়ে অনেক দিন কারাগারে ছিলেন তিনি। ঘটনার পর শাহজাহান পুর থানায় মামলা করেছেন নিহত টিপুর স্ত্রী আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলি।























