জিয়াউর রহমানের নেতৃত্বে সৈনিকরা বিদ্রোহ না করলে এদেশে মুক্তিযুদ্ধ হতো না: হাফিজ উদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের নেতৃত্বে সৈনিকরা বিদ্রোহ না করলে এদেশে মুক্তিযুদ্ধ হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, ১৯৭০-এর নির্বাচনে এদেশের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্ব শাসনের দাবীতে জনগণের ভোট নিয়েছেন। কিন্তু স্বাধীনতার প্রশ্নে জনগণের ভোট নেননি। তখন কেবল ছাত্রসমাজই স্বাধীনতার কথা বলেছেন।
জাতীয় প্রেসক্লাবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের লেখা ৭টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুবউল্লাহ, সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানে সাবেক মেজর হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ইতিহাসের অংশ। তাঁর মতো একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতার কর্মবহুল জীবনী জানলে এদেশের তরুণ প্রজন্মও সৎ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে।





















