দেশের ভয়াবহ পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে : ফখরুল
- আপডেট সময় : ০৮:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
খালেদা জিয়া মুক্ত হলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে। এর জন্য দায়ী প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুম হওয়ার ঘটনার কোনো সুরাহা হয়নি।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুপুরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল। গেলো আন্দোলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে এ সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে অনুষ্ঠানে উপস্থিত গুম-খুন হওয়া নেতাকর্মীদের সন্তানরা বাবাকে ফিরে ফেতে কান্নায় ভেঙ্গে পড়েন। আকড়ে ধরেন বাবার শেষ স্মৃতি….এই ছবি।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা বলেন, নেতৃত্বশূন্য করে ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন।
পরে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তার জন্য দায়ী প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জেরে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে দাবি করেন বিএনপি মহাসচিব। আরো বলেন, খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে বন্দী রাখা হয়েছে।
বাবা হারানো সন্তানদের পড়াশোনা সহ সব ধরনের সহযোগিতা আগামীতে বিএনপি থেকে দেয়া হবে বলে অঙ্গীকার করেন মির্জা ফখরুল।





















