সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ
- আপডেট সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এবারই প্রথম আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলো।
নিয়োগপ্রাপ্ত অন্য চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। রোববার সুপ্রিম কোর্টে শপথ নেবেন নবনিযুক্ত সিইসিসহ অন্য কমিশনাররা। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিইসি এবং চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে জমা দেয় সার্চ কমিটি। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে সরকার।






















