১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আ’লীগকে অনেক সংগ্রাম করতে হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে অনেক সংগ্রাম করতে হয়েছে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে এ কথা জানান তিনি। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে বঙ্গবন্ধুকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা বাঙ্গালির বড় অর্জন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, কিছু মানুষ কখনোই দেশের স্বার্থ দেখে না।
দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে চাইলেই ষড়যন্ত্র শুরু হয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
যে কোনো সংগ্রাম ও রক্ত দান বৃথা যায় না উল্লেখ করে সব শহীদেদের আত্মত্যাগকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















