দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে এ আহ্বান জানান তিনি। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও জানান সরকার প্রধান।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে এ সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
এছাড়া প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আনসার ভিডিপি অ্যাকাডেমিতে ‘মুজিব প্রাঙ্গণ’সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সন্ত্রাস-জঙ্গীবাদ অন্তরায় হয়ে দাড়িয়েছে। আর তা নির্মুলে আনসার বাহিনী অগ্রনি ভুমিকা রাখছে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যাক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।
এই বদ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান।
টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা নেয়া হয়েছে যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে।





















