জমি বিক্রি করে নয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রবাসী কল্যাণ ও শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে সচিবালয়ে সাংবাদিকদেরকে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নানা নির্দেশনা সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিদেশে যেতে অর্থের যোগান নিশ্চিতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দেন তিনি।
প্রতারণা এড়াতে সঠিক পথ ও নির্ধারিত টাকার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রয়োজনীয় জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিষয়েও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















