সার্চ কমিটির প্রথম বৈঠক আজ
- আপডেট সময় : ০১:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সার্চ কমিটির প্রথম বৈঠক আজ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বৈঠক ডেকেছেন কমিটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন নির্বাচন কমিশন গঠনে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি হয়েছে।
এদিকে, নবগঠিত সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘সংবিধান অনুযায়ী সার্চ কমিটির দায়িত্ব পালন করবেন তিনি।’ সাংবাদিকদের তিনি আরো বলেন, কমিটির সম্মানিত সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালনে তিনি সচেষ্টা থাকবেন। অন্যদিকে টিআইবি বলছে, নতুন ইসি গঠনে সার্চ কমিটিকে দলনিরপেক্ষতা ও সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে এ মত প্রকাশ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগের তালিকায় থাকা উচিত এমন ব্যক্তি, যিনি পেশাগত জীবনে সততা, দলনিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা, বস্তুনিষ্ঠতা, সৎ সাহস ও গ্রহণযোগ্যতার জন্য সুপরিচিত।






















