নিরাপত্তাবাহিনী গুমের সঙ্গে জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কারো গুম হওয়ার সাথে নিরাপত্তা বাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতি পূজা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের তিনি বলেন, লবিস্ট নিয়োগে বিদেশে টাকা পাঠানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার। এসময় গুম প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, রাজধানীর এক হোটেলে ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় জাতিসংঘের গুমের তালিকা ও দেশ থেকে তথ্য পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বঙ্গব্ন্ধু কর্ণার ও ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, বিদেশিদের কাছে নিজেদের ছোট করার রাজনীতি বাদ দিলে আরও সমৃদ্ধ হতো দেশের অর্থনীতি।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিরপেক্ষ হয়েছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।





















