টানা দু’মাস পর করোনায় একদিনে মৃত্যু নেমেছে ৮০ জনে
- আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
টানা দু’মাস পর দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু একশো’র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৬ জুন একদিনে এর চেয়ে কম– ৭৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর ৫ ও ১০ আগস্ট দু’দিনই ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড দেখে দেশ।
একদিনে মারা যাওয়া ৮০ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এ পর্যন্ত মোট মারা গেলেন ২৫ হাজার ৯২৬ জন। মৃত ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন আর নারী ৩৯ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৩৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। একই সময়ে করোনা থেকে চার হাজার ৮৬১ জন সুস্থ হয়েছেন। এদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১৪ লাখ নয় হাজার ২৩১ জন। ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৬৫২টি এবং পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯টি। এতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৪ শতাংশ।


























