সংসদীয় গণতন্ত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস আইপিইউ মহাসচিবের
- আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
সংসদকে আরও কার্যকর করার আলোচনা
বৈঠকে জাতীয় সংসদকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সংসদকে আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দু করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধীদলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সরকারি ও বিরোধীদলের সদস্যদের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।
আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
তরুণ এমপিদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব
বৈঠকে তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। এটি আইপিইউর অন্যতম অগ্রাধিকার বলে জানানো হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
সৌজন্য সাক্ষাতে আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের চার আহত যোদ্ধা জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদারও বৈঠকে অংশ নেন।























