নিখোঁজের এক দিন পর স্বামী, স্ত্রী ও ১২ বছর বয়েসি শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজের এক দিন পর বসত ঘরের পাশে মাটি চাপা দেয়া অবস্থায় স্বামী, স্ত্রী ও তাদের ১২ বছর বয়েসি শিশুপুত্রের মৃতহে উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড বলে ধারনা পুলিশের।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকা থেকে পুলিশ একই সাথে মাটি চাপা দেয়া মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হচ্ছেন, আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের শিশুপুত্র লিয়ন । পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন, আসাদ ও তার স্ত্রী-সন্তান। তাদের দুই ছেলে মোফাজ্জল ও তোফাজ্জল আজ ঢাকা থেকে বাড়িতে ফিরে বসত ঘরে বাবা, মা ও ছোট ভাইকে খুঁজে পায়নি। এ সময় ঘরের ভেতরে রক্ত দেখে প্রতিবেশীদের জানায়। বিকেলে পুলিশে খবর দেয়া হয়। এ সময় বসত ঘরের পাশে একটি গর্তে মাটিচাপা অবস্থায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে রাতে ওই গর্ত থেকে মাটি খুড়ে জবাই করা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই পুলিশ, সিআইড ও পিবিআইএর উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই, দুই বোন ও এক বোনের স্বামীকে আটক করেছে পুলিশ।


























