আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’
- আপডেট সময় : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। আদালতে হাজিরা শেষে তাকে ঢাক থেকে গাজীপুরে নেওয়ার সময় নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।
কারাগার সূত্রে জানা যায়, রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করার জন্য সকালে প্রিজন ভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান
পুলিশের বরাত দিয়ে জেল সুপার জানান, প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করেছেন।
মে মাসে গ্রেপ্তার হন পিচ্চি রাজা
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা মোতালেব মিয়ার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫টি মামলার তথ্য রয়েছে। তবে কারাগার সূত্রে তার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা থাকার কথা বলা হয়েছে।





















