১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন
- আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলার এস.জিএস. সেকেন্ডারি বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। অথচ এসব শিক্ষার্থীর পাঠদানের জন্য বিদ্যালয়টিতে কর্মরত রয়েছেন ১৩ জন শিক্ষক। এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৩ জন শিক্ষক ছাড়াও একজন ক্লার্ক, পিয়নসহ পাঁচজন কর্মচারী রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি কম এবং পাঠদানের পরিবেশ নিয়েও রয়েছে অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে এবং কেউ কেউ বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। স্থানীয়দের দাবি, একসময় ভালো ফলাফল করলেও বর্তমানে শিক্ষক সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণে ফলাফলে প্রভাব পড়েছে। তবে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বাইরে থাকা বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
ঝালকাঠির জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
























