হোমনায় সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৪:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতা ও ডিলার মোসলেম সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে ২৫ কেজি ওজনের ৪০ বস্তা চাল স্থানীয়রা আটক করেন। অভিযোগ, উপকারভোগীদের জন্য বরাদ্দ এসব চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরিদা আবেদীন বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি জানান, মোসলেম সরকারের ডিলারশিপও বাতিল করা হবে। চালগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং ঘটনায় আর কারা জড়িত, তদন্ত শেষে তা জানা যাবে।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোসলেম সরকারকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই। অনিয়মের অভিযোগে মোসলেম সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয় পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, সরকারি চাল উদ্ধারের ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।























