সিরাজগঞ্জের সলঙ্গা গণহত্যা দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এদিনে সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকা গ্রামে পাকবাহিনী দেড় শতাধিক নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে।
পাকবাহিনী ১৯৭১ সালের ২৫ এপ্রিল আরিচা-নগরবাড়ী ফেরি পার হয়ে বগুড়ার দিকে আসছিলো। এ খবর পেয়ে হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী ও চড়িয়া গ্রামের যুবকেরা পাক সেনাদের প্রবেশ পথে বাধা দিতে রাস্তার উপর বেশকিছু গাছের গুঁড়ি ফেলে রাখে। পাকবাহিনী সেখানে বাধা পেয়ে মর্টারসেল ছোঁড়া শুরু করে। এসময় শেল ফাটার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় চড়িয়া, পাটধারী ও হরিপুর গ্রামের মানুষ প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকলে সেনারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে হামলা চালায়। এরপর চড়িয়ায় ১৫ জন এবং মধ্যপাড়া কবরস্থান ও জঙ্গলে লুকিয়ে থাকা ৫০/৬০ জনসহ প্রায় দেড়শ’ মানুষকে ধরে এনে হত্যা করে।



























