কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন ও ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা নগরী। নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লায় পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব।
এ উপলক্ষে শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, কুমিল্লার উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর রাণীর বাজার রোডের শ্রীশ্রী রাসস্থলী ও রামঠাকুর আশ্রমের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। তাঁদের হাতে ছিল ধর্মীয় পতাকা, ব্যানার ও নানা প্রতীক। কীর্তন, ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক পরিবেশনায় পুরো শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
শিশুদের কৃষ্ণ-রাধার সাজ এবং বিভিন্ন ধর্মীয় পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে ভক্তদের ‘জয় শ্রীকৃষ্ণ’ ও ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরীর পরিবেশ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নগরবাসীও শোভাযাত্রা উপভোগ করেন।
উদ্বোধন করেন কৃষিমন্ত্রী
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কর্তব্যবোধের শিক্ষা দেয়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার চেতনা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আকতার।
সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান
শোভাযাত্রায় বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন চন্দন কুমার রায়, অধ্যক্ষ তাপস কুমার বকসী, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, কমল চন্দ খোকন, নারায়ণ চন্দ্র সরকার, অচিন্ত্য দাশ টিটু, পিংকু চন্দ ও আশীষ দাসসহ অনেকে।























