দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা এখনও জানায়নি সৌদি
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, রায়ের কপি চেয়ে সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। কপি হাতে পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তবে ওই দুই বাংলাদেশির বিষয়ে এর বেশি কিছু সৌদি কর্তৃপক্ষ জানায়নি।
কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।
‘ধৈর্য ধরতে হবে’
শামা ওবায়েদ বলেন, প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো আছে এবং সেখানকার বিচারব্যবস্থার মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়। তবে কোনো বাংলাদেশি নাগরিক মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে সে বিষয়ে জানা সরকারের প্রয়োজন। এ কারণেই চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ সবকিছুর একটা প্রক্রিয়া থাকে।’
প্রবাসীদের মৃত্যু নিয়ে সরকারের অবস্থান
প্রতিমন্ত্রী বলেন, অনেক টাকা খরচ করে বিদেশে যাওয়ার পর লাশ হয়ে ফিরে আসা পরিবারগুলোর জন্য যেমন দুঃখজনক, সরকারের জন্যও ততটাই দুঃখজনক। তিনি জানান, সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
সাধারণত যেভাবে কাজ করে সরকার
শামা ওবায়েদ জানান, কোনো বাংলাদেশি অভিযুক্ত বা দণ্ডিত হয়েছেন, এমন তথ্য মিশন বা মন্ত্রণালয়ের কাছে এলে কূটনৈতিক চ্যানেলে সৌদি সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলা হয়। সেখানে দণ্ড মওকুফ বা ক্ষমার কোনো সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হয়।
তিনি বলেন, ‘অবশ্যই আমরা অন্য একটি দেশের জুডিশিয়াল সিস্টেমে হস্তক্ষেপ করব না। কিন্তু একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর জন্য যা করা দরকার, তা সরকার সম্পূর্ণ করবে, যদি আমরা বিষয়টি জানতে পারি।’




















