লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার শিক্ষকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকায় আইসিইউতে ভর্তি করা হয়।
আরিফুল লালমনিরহাট সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক ছিলেন। অনলাইন জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।
এ ঘটনায় তার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি রহিদুলকে পরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে।
গত ৬ আগস্ট আরিফুলের স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। তবে সন্তানের মুখ দেখে যেতে পারেননি তিনি। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে। স্বজনরা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।




















