যেকোনো সময় ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- আপডেট সময় : ০১:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর বিমান হামলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, গত রাতে ইরানের রাডার ব্যবস্থার বাইরেও বেশ কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার দাবি, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় এবং প্রয়োজন মনে করলে ইরানের ওপর আবারও বড় ধরনের হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না।
ট্রাম্প দাবি করেন, বর্তমানে সমুদ্রপথটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। পরে হোয়াইট হাউসের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও উপসাগরীয় অঞ্চলের একটি পরিবর্তিত মানচিত্র প্রকাশ করা হয়। সেখানে হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। কানাডার সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও তেলের মূল্যবৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।





















