ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০৭:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দ্যেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে স্থানীয় সময় ৫টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এর আগে আজমীর শরীফে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। দরগাহ শরীফে যোহর নামাজ আদায়ের পাশাপাশি বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করেন শেখ হাসিনা।
সকাল ৯টা ১২ মিনিট। নয়া দিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে বিদায় জানান, ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ।
৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজস্থানের ঐতিহ্যবাহী নাচ দিয়ে বরণ করে নেওয়া হয় শেখ হাসিনাকে।
সেখান থেকে আজমির শরীফ যান প্রধানমন্ত্রী। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর পৌছায় সুফি সাধক মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নেওয়াজ দরগাহ শরীফে।
দরগাহ পরিদর্শন শেষে সেখানে যোহর নামাজ আদায় করেন শেখ হাসিনা। দোয়া করেন দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য।
বিকেলে জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
























