ফেনীর সোনাগাজীতে ১০২ জাতের আমের বিশাল সংগ্রহশালা
- আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে গড়ে উঠেছে দেশি-বিদেশি ১০২ জাতের আমের বিশাল সংগ্রহশালা। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা এই বাগান থেকে এবার ১০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ফেনী নদীর তীরবর্তী সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকা। এখানেই ৬৫ একর জমির ওপর গড়ে উঠেছে ‘সোয়াস এগ্রো কমপ্লেক্স’ নামের এক আমের বাগান। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান ১৯৯২ সালে মাত্র ৬ একর জমি নিয়ে শখের বশে এই যাত্রা শুরু করেছিলেন। মেধা আর পরিশ্রমে আজ তা রূপ নিয়েছে বিশাল সমন্বিত খামারে।
এই বাগানের মূল আকর্ষণ হলো—এখানে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর আমের পাশাপাশি মিলছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চীনের হরেক জাতের আম। পুরো খামারে রাসায়নিকের বদলে ব্যবহার করা হয় কেবল জৈব সার। তাই বিষমুক্ত ও নিরাপদ আম কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা যেমন সরাসরি বাগানে আসছেন, তেমনি কুরিয়ারেও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
কৃষি বিভাগ জানায়, আধুনিক ফ্রুট ব্যাগিং পদ্ধতিসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাগানটিতে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। কোয়ালিটি ভালো হওয়ায় এই আম এবার আন্তর্জাতিক বাজারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে আমের এই বিশাল বৈচিত্র্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন এই সফল উদ্যোক্তা।
ফেনীর এই কৃষি বিপ্লব কেবল একজন উদ্যোক্তার জীবনই বদলায়নি, দেখিয়েছে নতুন প্রজন্মের সামনে স্বাবলম্বী হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত।























