ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যাহত
- আপডেট সময় : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা। নেই পর্যাপ্ত জনবল, রয়েছে তীব্র ওষুধ সংকট। সেই সাথে শয্যা সংকট ও চিকিৎসকদের অনুপস্থিতির কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে, সীমাবদ্ধতার মধ্যেও সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক না থাকায় এই হাসপাতালের অপারেশন থিয়েটারটি দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ। নামমাত্র চালু থাকলেও নানা অজুহাতে বন্ধ থাকে এক্স-রে মেশিন এবং সঠিকভাবে করা হয় না প্যাথলজি পরীক্ষাও।
হাসপাতালটিতে তীব্র চিকিৎসক সংকটের পাশাপাশি কাগজে-কলমে অনেকের পদায়ন থাকলেও কর্মস্থলে যান না বেশিরভাগ চিকিৎসক। ফলে চিকিৎসাসেবা নিতে এসে চরম ভোগান্তির এক চেনা-চিত্রে রূপ নিয়েছে এই সরকারি হাসপাতালটি।
দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পাচ্ছেন না ন্যূনতম চিকিৎসা। শয্যা সংকটের কারণে অনেককে বাধ্য হয়ে মেঝেতেই নিতে হচ্ছে আশ্রয়। দ্রুত এই সংকট নিরসন করে সেবার মান বৃদ্ধির দাবি স্থানীয়দের। তবে চিকিৎসকদের দাবি—সীমাবদ্ধতার মাঝেই লড়ছেন তারা।
কিছু চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়ার পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করার কথা জানালেন সিভিল সার্জন।
উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল। যেখানে ১৬৭ জন জনবলের বিপরীতে আছেন মাত্র ৯৯ জন। প্রতি মাসে প্রায় ১৩ হাজার রোগীর চিকিৎসা নিশ্চিত করতে এই শূন্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













