ঈদুল আজহার ছুটিতে প্রাণ ফিরলো বরিশালের বিনোদন কেন্দ্রগুলো
- আপডেট সময় : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঈদুল আজহার টানা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে নগরীর বিভিন্ন পার্ক ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান।
ঈদের আনন্দ উপভোগ করতে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে ভিড় করছেন মানুষ। বেলস পার্ক, প্লাটিনাম পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও ত্রিশ গোডাউন নদীর পাড়সহ বিভিন্ন স্থানে রয়েছে উপচে পড়া ভিড়। শুধু শহর থেকেই নয়, আশপাশের সব উপজেলা ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও অনেকে সপরিবারে আসছেন বেড়াতে। বিশেষ করে শিশু-কিশোরদের আনন্দময় উপস্থিতি চোখে পড়ার মতো। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পেরে খুশি দর্শনার্থীরা।
দর্শনার্থীদের ভাষ্য, সারাবছরের দীর্ঘ কাজের ফাঁকে একটু লম্বা ছুটির অবসরে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো সত্যিই প্রশান্তিদায়ক ও আনন্দের। তবে বরিশালের নদীতীর ও বিভিন্ন দর্শনীয় স্থানে আধুনিক, নিরাপদ ও পর্যাপ্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি তাদের।
দর্শনার্থীদের মতে, বাড়তি ছুটি যেমন পর্যটন শিল্পের বিকাশ ঘটায়, তেমনি সাধারণ মানুষের বিনোদনের সুযোগ সম্প্রসারিত করে বাড়ায় কর্মস্পৃহা।























