আজ মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন
- আপডেট সময় : ০১:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫১০ বার পড়া হয়েছে
আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদ্যাপন করা হয়। সন্তানের জীবনে মায়ের অবদান, ত্যাগ, স্নেহ ও ভালোবাসাকে স্মরণ করতেই দিনটি পালন করা হয়। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মা’কে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ, শুভেচ্ছা বার্তা ও ছবি পোস্ট করছেন অনেকে।
মা দিবসের আধুনিক ধারণার সূচনা যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদ্যাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।
পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়ে আসছে।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা তুলে ধরে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি দিন নয়— প্রতিদিনই মায়ের প্রতি সম্মান, যত্ন ও ভালোবাসা প্রকাশ করা উচিত। পরিবার ও সমাজে মায়েদের মর্যাদা নিশ্চিত করতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


























