হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
- আপডেট সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির কয়েকজন নাবিক আহত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।
হরমুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ঘটনার সঙ্গে পরিচিত দুটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, হামলায় ইরানের চারটি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালির কাছাকাছি জাহাজটিতে সরাসরি আঘাত করে।
হামলার পর জাহাজটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন নাবিক শারীরিকভাবে আহত হন। পরে আহতদের উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা
হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান ছয় মাসের সংঘাতের মধ্যেই নতুন করে এই সামুদ্রিক হামলার ঘটনা ঘটল।
বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিচালিত হয়। ফলে এই জলপথে নিরাপত্তা পরিস্থিতির যেকোনো অবনতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে মাইন পাতা ও পাল্টা হামলার ঘটনাও ঘটছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হামলা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য নেই
ঘটনাটি নিয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরান কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল আনাদোলু। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও এ বিষয়ে জানতে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।


























