ভারতের সাথে অনিশ্চিত বাংলাদেশ সিরিজ!
- আপডেট সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজটির সূচি নিশ্চিত করেছে।
২০২৪ সালের জানুয়ারির পর দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। আফগানিস্তানের হোম ম্যাচের বড় একটি অংশ সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় দিল্লির এই সিরিজেও আফগান দল পরিচিত পরিবেশেই খেলবে।
তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ায় ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।
নতুন সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা। একই দিনে বাংলাদেশ সফরে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত ছিল। ফলে দুই সিরিজের সূচিতে সরাসরি সংঘাত তৈরি হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে ভারতের সফরটি এখন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারত-বাংলাদেশ সিরিজটি আয়োজন নিয়ে এখন দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে সূচি সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে এ মুহূর্তে বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


























