রাসিক প্রশাসকের ফ্রান্স সফর প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড–এর আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্স–এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী আজ ওই অনুশাসন দেন বলে জানা গেছে।
এর আগে মশকনিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী।


























