রাজশাহীতে কিশোর-কিশোরীরাই ঠেকাচ্ছে বাল্যবিবাহ
- আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
রাজশাহীতে কিশোর-কিশোরীরাই ঠেকাচ্ছে বাল্যবিবাহ। গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করে বেশ সাফল্যও পেয়েছে তারা। নিজেদের সুরক্ষায় কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসীও হয়ে উঠছে। কন্যা শিশুদের যৌন হয়রানির শঙ্কা কমায় অভিভাবকদের মাঝেও ফিরেছে স্বস্তি।
করোনাকালে দীর্ঘ দিন ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে, হাতে অফুরন্ত সময় পেয়ে বসে থাকেনি রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের কিশোর-কিশোরীরা।তারা বাল্যবিবাহের বিরুদ্ধে মাঠে সরব রয়েছে। গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের ডেকে উঠান বৈঠক করছে। প্রথমদিকে নানা ধরনের লাঞ্ছনা সইতে হলেও, অন্তত অর্ধশত বাল্যবিবাহ ঠেকাতে পেরেছে তারা।
তাদের কাছে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে জানতে পেরেছেন অনেক অভিভাবক। এখন আর অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দিতে চান না তারা। তবে, এজন্য প্রভাবশালীদের তোপের মুখে পড়তে হয় তাদের।
এদিকে, অনেক ক্ষেত্রেই কন্যাশিশুরা যৌন হয়রানির শিকার হয়। সেটা প্রতিরোধে এবার নিজেরাই উদ্যোগী হয়েছে। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশলও রপ্ত করেছে শতাধিক কিশোরী।
বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম চালাতে চলতি অর্থবছরের বাজেটে তাদেরকে ৩০হাজার টাকা বরাদ্দ দিয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ।
স্কুল শিক্ষার্থীদের এ ধরনের সামাজিক কার্যক্রমের ফলে বাল্যবিবাহের প্রবণতা কমেছে বলে জানায়, মহিলা বিষয়ক অধিদপ্তর।
সমাজের নানা পেশায় সফলদের এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।















