রংপুর থেকে ধান কাটতে এসে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও নগদ লুট
- আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনা উপজেলার ১ নম্বর সোহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ধান কাটতে আসা শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত সমিরন বেগম (৭৫) ওই গ্রামের আব্দুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে রংপুর থেকে আসা কয়েকজন শ্রমিক ধান কাটার কাজে ওই বাড়িতে অবস্থান করছিল। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে তারা সমিরন বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্রমিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, তারা এলাকা ছেড়ে পালিয়েছে।
চান্দিনা থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

























