ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- আপডেট সময় : ১২:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। বাসটি আলালপুরের খালেক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেনসহ আরও একজনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন জানান, আলালপুরে বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। তার স্বজনরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আলালপুরে দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















