মুসলমানের কাছে কাঙ্ক্ষিত রজনি শবে বরাত
- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৯৩ বার পড়া হয়েছে
মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত আজ । পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত । এ উপলক্ষে বুধবার সরকারি ছুটি। হিজরী সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানগণ। রাতে সংশ্লিষ্ট কবরাস্থানে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর যিয়ারত করে মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন। অনেকের বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়।এদিকে, বরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি।


























