ভারতে আটক তিন বাংলাদেশি নারী দেশে ফিরেছেন
- আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারত থেকে পৃথক দুটি প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার পর হরিদাসপুর-পেট্রাপোল সীমান্তে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীরা হলেন—সাতক্ষীরার রিয়া খাতুন, নড়াইলের শিল্পী আবাদুর শেখ ও পাবনার সিমলা হাসেম সরদার। তাঁরা দালালের মাধ্যমে ভালো চাকরির আশায় অবৈধভাবে ভারতে গিয়ে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে আটক হন। পরে আদালতের মাধ্যমে কারাভোগ শেষে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছিলেন।
দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান জানান, আনুষ্ঠানিকতা শেষে তিন নারীকে পরবর্তী ব্যবস্থা ও পরিবারের কাছে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা আসা পর্যন্ত তিন নারী তাঁদের শেল্টার হোমে থাকবেন। পরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

























