বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী
- আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চলতি মৌসুমের প্রথম টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের পুরনো জলাবদ্ধতাপ্রবণ এলাকার সঙ্গে নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুকসমান পানি জমে সড়ক পরিণত হয় ছোটখাটো খালে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম নগর ডুবে যাওয়ার যে খবর প্রচার হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই মঙ্গলবার চট্টগ্রাম নগরের অন্তত ২০টি এলাকা পানির নিচে তলিয়ে যায়। এই জলাবদ্ধতায় অন্তত পাঁচ লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাঘাট, অলিগলি ও দোকানপাট পানিতে ডুবে গিয়ে থমকে যায় নগরের স্বাভাবিক গতি।
মঙ্গলবারের জলাবদ্ধতার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টিতে বুধবার আবারও জলাবদ্ধতার কবলে পড়লে চট্টগ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। চট্টগ্রামের জলাবদ্ধতায় বুধবার সংসদ অধিবেশনে দু:খ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপরই চট্টগ্রামে এসে প্রবর্তক এলাকা ঘুরে দেখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না, সুন্দর আছে। পরে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় যোগ দেন তিনি। এসময় প্রকল্প সংশ্লিষ্টরা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগর ডুবে যাওয়ার যে খবর প্রচার হয়েছে, তা অতিরঞ্জিত।
সভায় আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবন্ধকতা সরিয়ে খালের পানি প্রবাহ সচল করা হবে এবং বর্ষার পর পুনরায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানানো হয়।

























