বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বান্দরবানে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখার বিষয়ে আলোচনা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবানের গ্র্যান্ড ভ্যালী হোটেলের হলরুমে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক সাচশৈ প্রু, আব্দুল মাবুদ ও লুসাই মং। সভায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
দুর্গাপূজায় বিশৃঙ্খলা রোধে সতর্ক থাকার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওত পেতে রয়েছে। পাশাপাশি একটি গুপ্ত চক্রও পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে মন্দির কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ।
পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস
বিশেষ অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো অপশক্তি যাতে পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করবেন।
হারুনুর রশিদ হারুন জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে বান্দরবানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।




















