ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১
- আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নুরনবী রিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নুর আলম (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপনের মৃত্যু হয়।
নিহত নুরনবী রিপন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারের একজন ব্যবসায়ী।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, একটি ট্রাক্টরের চালক সড়কের ওপর গাড়ি থামিয়ে তেল ভরছিলেন। এ সময় রিপন ও তার বন্ধু নুর আলম মোটরসাইকেলে করে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন। অন্ধকারে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটি দেখতে না পেয়ে তাদের মোটরসাইকেলটি ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রিপনের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে তিনি মারা যান। আহত নুর আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























