প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত রিয়াদে
- আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৮ নং নোয়াগাঁও ইউনিয়ন প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল বাছির। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মজিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শেখ রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুর রাজ্জাক। এছাড়াও রিয়াদে বসবাসরত নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন স্তরের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততা ও নানা সীমাবদ্ধতার মাঝেও নিজেদের শিকড়, সংস্কৃতি এবং পারস্পরিক বন্ধন অটুট রাখতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াগাঁও ইউনিয়ন প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সংগঠন শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং এটি প্রবাসীদের সুখ-দুঃখ ভাগাভাগির একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
তারা আরও বলেন, এই সংগঠন প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দূর দেশের মাটিতে দাঁড়িয়ে যেন আবারও জেগে ওঠে নোয়াগাঁওয়ের মাটি, মানুষের টান আর শেকড়ের স্মৃতি। মিলনমেলার এই বন্ধন প্রমাণ করে—দূরত্ব যতই হোক, হৃদয়ের সম্পর্ক কখনো ম্লান হয় না।






















