নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষে এক যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৭১৮ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে থাকা নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন। তিনি এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। চিকিৎসাধীন অবস্থায় গেল রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী।
নিহত নাহিদের স্ত্রী ডালিয়া আক্তার জানান, সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যায় নাহিদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদ হাসানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পান তার স্ত্রী। এ সংঘর্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের আইসিইউতে মোরসালিন নামে আরও একজন দোকানকর্মী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আহত মোরসালিনের ভাই নূর মোহাম্মদ। এছাড়াও সংঘর্ষের ঘটনায় ছাত্রসহ আহত আরও দুজন হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন—ইয়াসিন এবং ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কানন চৌধুরী।

























