ছয় দফা দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যান। দাবি আদায়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচীও পালন করেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। অ্যসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফার মধ্যে রয়েছে পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা, ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডে সমপর্যায়ে নির্ধারণ, বিএমডিসির ভর্তি পরীক্ষা ফি কমানো, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান।
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে ২২০ জন ইন্টার্ণ চিকিৎসক এই কর্মবিরতি শুরু করেন। এসময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে এই বিক্ষোভ করে তারা। এর সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরিক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও।
























