চট্টগ্রামে নিজ বাসায় মাথায় গুলি, সাবেক ব্যাংকারের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ বাসায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার পর শাহিদ হোসেন নামে এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে হাজীপাড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শাহিদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহিদ হোসেন আগে একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় দুই বছর ধরে তিনি চাকরিতে ছিলেন না। কাজকর্ম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিতে ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে। তবে অস্ত্রটির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী জানান, সকালে বাসার ড্রয়িংরুমে শাহিদ নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। তার মানসিক সমস্যা থাকলেও তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না।
ঘটনার কারণ ও পিস্তলটি কীভাবে তার কাছে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।





















