চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
- আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গার ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়িতে।
স্বজনদের বরাতে জানা গেছে, নাফিসা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের এইচএসসি পরীক্ষা দিতে রাইড-শেয়ারিং মোটরসাইকেলে করে কেন্দ্রে যাচ্ছিলেন। নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ক্রেনের সংঘর্ষ হয়। এতে নাফিসা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা ও একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ক্রেনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ক্রেনের চালক ঘটনার পর পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২০ আগস্ট থেকে পুনরায় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।




















