কর্ণফূলী গ্যাস কোম্পানীর তিন কর্মকর্তার জামিন আবেদন না-মঞ্জুর
- আপডেট সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
কারাগারে আটক দুর্নীতির মামলায় কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর জিএম ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন ও টেকনিশিয়ান দিদারুল আলমসহ তিন কর্মকর্তার জামিন আবেদন না-মঞ্জুর করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। এদিকে এই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সাবেক এক মন্ত্রীপুত্রের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে দুদকের করা মামলায় গেল সপ্তায় তাদেরকে গ্রেফতার করা হয়। চাকুরিবিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে দুদকের মামলায় অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদ। তদন্ত শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এর আগে দুপুরে গ্রেফতারকৃত কর্মকর্তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন কর্ণফূলী গ্যাসের গ্রেফতারকৃত তিন শীর্ষ কর্মকর্তা। এ সময় জামিনের বিরোধিতা করেন দুদক আইনজীবী। উভয়পক্ষের শুনানী শেষে আদালত জামিন আবেদন না-মঞ্জুর করেন।














