একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ
- আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার দেখানো চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো আসামিরা হলেন—কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান।
মামলায় পলাতক থাকা অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন, আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাজমুস সাকিব মাহমুদ।
এর আগে গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তে উঠে এসেছে। এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
























