আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা
- আপডেট সময় : ১২:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস লরেন্তে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন ২৭টি ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কারণ স্পষ্ট করেননি লরেন্তে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
হৃদয় থেকেই সিদ্ধান্ত
ইনস্টাগ্রামে লরেন্তে লিখেছেন, তিনি এখনও তরুণ। ভালো খেলতে থাকলে জাতীয় দলের জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ ছিল। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি আত্মবিশ্বাসী।
তিনি বলেন, বাইরে থেকে তার সিদ্ধান্ত অনেকের কাছে বোধগম্য নাও হতে পারে। এমনকি অন্য কারও ক্ষেত্রে হলে তিনিও হয়তো বিষয়টি বুঝতে পারতেন না। তবে দীর্ঘ চিন্তাভাবনার পর হৃদয় থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপ জয়ের ইতিহাসের অংশ
আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্পেন। বিশ্বকাপ ফাইনালে অবশ্য বেঞ্চেই ছিলেন লরেন্তে। তবুও পুরো টুর্নামেন্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন তিনি।
২০২০ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় লরেন্তের। এর আগে তিনি রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছেন। ২০২২ বিশ্বকাপেও স্পেনের স্কোয়াডে ছিলেন এই ডিফেন্ডার। তবে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলে জায়গা পাননি।
জাতীয় দলের হয়ে পাওয়া অভিজ্ঞতার জন্য সতীর্থ ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন লরেন্তে। বিশেষ করে বিশ্বকাপজয়ী দলের সঙ্গে কাটানো শেষ ৫২ দিনকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
স্পেনের প্রতিনিধিত্ব করতে পারা এবং দেশের ফুটবলের ইতিহাসের অংশ হতে পারাকে নিজের জন্য বড় সম্মান হিসেবেও উল্লেখ করেছেন এই ডিফেন্ডার।
স্প্যানিশ ফুটবল দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও লরেন্তেকে শুভকামনা জানানো হয়েছে। সেখানে তাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিদায় জানিয়ে জাতীয় দলের হয়ে তার অবদানের জন্য ধন্যবাদ দেওয়া হয়।
লরেন্তে জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

























