সীমান্তে বাংলাদেশে ঢুকে অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল ৩ বিএসএফ সদস্য
- আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটের সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য। পরে ঘটনাস্থল থেকে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে কাঁটাতারবিহীন শূন্য লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফের ওই তিন সদস্য বিজিবিকে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানালে ঘটনাস্থলে আরও লোকজন জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যান। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে অস্ত্র ও ওয়াকিটকি সেটগুলো উদ্ধার করে।
ঘটনার পর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে ঘটনার কারণ জানতে চান এবং পতাকা বৈঠকের আহ্বান করেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যদের অনুমতি ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি তুলে ধরে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।





















