সারাদেশে চারদিন পর আবারও একদিনে মৃত্যুসংখ্যা ১শ’র ঘর ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাসে সারাদেশে চারদিন পর আবারও একদিনে মৃত্যুসংখ্যা ১শ’র ঘর ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০১ জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে। গত ১৯ এপ্রিল দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু ঘটে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।এর আগে শনিবার করোনায় ৮৩ জন মারা যান ও নতুন করে ২ হাজার ৬৯৭ জন করোনা আক্রান্ত হন। এদিকে, দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ মোহাম্মদ রোবেদ আমিন জানান ভারতে করোনার দুটি ভেরিয়েন্ট পাওয়া গেছে। এগুলোকে ডাবল অথবা ট্রিবল মিউটিশন বলা হচ্ছে-যা কোনোভাবেই যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার দিকে নজর রাখার কথা জানান তিনি। বলেন, এগুলো দেশে প্রবেশ করলে ভয়াবহ অবস্থা হবে দেশের।



























