সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
- আপডেট সময় : ০৩:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রা
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ড্রেন পরিষ্কার ও সচেতনতামূলক প্রচারণা
পরে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন।
শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমও পরিদর্শন করা হয়। পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীনসহ জেলা প্রশাসন, পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।




















