শিক্ষাখাতে প্রতিবছর জিডিপি’র ৫ শতাংশ ব্যয় করা হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮৮২ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে প্রতিবছর জিডিপি’র ৫ শতাংশ ব্যয় করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত ছুটি কমাতে দেশের প্রতিটি উপজেলায় বহুমুখী পরীক্ষা কেন্দ্র নির্মাণেরও চিন্তা করছে সরকার।
দুপুরে সিলেটের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম আবার চালু হবে। একই সাথে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিরসনে বর্তমান সরকার ধাপে ধাপে কাজ করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে।



























