রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন মামলা
- আপডেট সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ দু’টি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ করা মামলায় নাম উল্লেখ করে ১৫৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার হয়েছেন ৪৭ জন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের আদালতে পাঠানো হয়। আর মেট্রোরেল কর্তৃপক্ষের দু’টি মামলায় অজ্ঞাত ৮০ থেকে ৯০জনকে আসামি করে মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মঙ্গলবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বে কয়েক হাজার কর্মী। সে সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে আহত হন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।














