রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ২১৩৩ বার পড়া হয়েছে
দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।



























